নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর উদ্যোগে এক বিশাল উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রকোনা জেলা সভাপতি শায়খুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন (দাঃ বাঃ)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা।
মাছুম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, “একটি ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে উলামা-মাশায়েখদের ভূমিকা অপরিসীম। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে নেতৃত্ব দিতে হবে।”
বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আস-আদুর রহমান আকন্দ এবং জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা এনামূল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুফতি ওয়ালিউল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা হারুনূর রশিদ এবং বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক আনোয়ার হোসেন কাজল। সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য জোরদার এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।