নেত্রকোণার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া উপজেলার পূর্বধলা ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আশিক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঈদের রেশ কাটতে না কাটতেই এমন মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক প্রাইভেটকারটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।