নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের রেজুলেশন জালিয়াতি, উন্নয়ন বরাদ্দের অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে। পরিষদের ১১ জন সদস্য (ইউপি সদস্য) একত্রিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আবেদনপত্রে ইউপি সদস্যরা প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অনিয়মের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে পরিষদের রেজুলেশন ছাড়াই উন্নয়ন সহায়তা তহবিলের লক্ষ লক্ষ টাকা ঠিকাদারদের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন প্রকল্পের তালিকা পরিষদের সিদ্ধান্ত ছাড়াই জমা প্রদান। ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম এবং রোহিঙ্গা নাগরিকদের অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ প্রদান করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।
অভিযোগের বিষয়ে ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া জানান, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও একটি চক্রের ষড়যন্ত্র। তিনি দাবি করেন উন্নয়ন কাজের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন এবং সব কাজ নিয়ম মেনেই করা হয়েছে। তিনি বলেন তাকে পদ থেকে সরাতেই অন্য সদস্যদের ভুল বুঝিয়ে এই গণস্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি যেকোনো ধরণের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।
আবেদনটি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আবেদনের অনুলিপি জেলা প্রশাসক (ডিসি), স্থানীয় সংসদ সদস্য এবং পূর্বধলা প্রেসক্লাব সভাপতিসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।