নেত্রকোণার পূর্বধলা উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের অচলাবস্থা কাটাতে প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। পরিষদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এ.কে.এম মাজহারুল ইসলাম রানা দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছেন। ইতিপূর্বে পরিষদের কার্যক্রম সচল রাখতে উপজেলা সমাজসেবা অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন না করায় ইউনিয়নের প্রশাসনিক কাজ স্থবির হয়ে পড়ে এবং সাধারণ নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।
জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং পরিষদের কার্যক্রম গতিশীল করতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্যানেল চেয়ারম্যান-২ জনাব মোঃ আব্দুল বারেককে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। গত ৫ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত এক আদেশে এই দায়িত্ব প্রদান করা হয়।
প্রশাসনিক আদেশে উল্লেখ করা হয়েছে যে, প্যানেল চেয়ারম্যান এখন থেকে ইউনিয়নের দৈনন্দিন দাপ্তরিক কাজ ও আর্থিক লেনদেন পরিচালনা করতে পারবেন। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে ইউনিয়নের বাসিন্দারা পুনরায় স্বাভাবিক নাগরিক সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।