পূর্বধলার বীর ভাষা সংগ্রামীরা ১৯৫২ সালে কেউ ছিলেন ছাত্রনেতা, কেউ সাধারণ ছাত্র, আবার কেউবা নিজ পেশায় থেকে ভাষা আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। নিচে তাঁদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো:
১. জয়নাল আবেদীন: পূর্বধলার খলিশাউড় ইউনিয়নের প্রতাপপুর গ্রামে তাঁর বাড়ি। ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্র ছিলেন এবং পূর্বধলায় এই আন্দোলনের প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছিলেন।
২. আব্দুল ওয়াদুদ খান: খলিশাউড় ইউনিয়নের খানপাড়া গ্রামে তাঁর বাড়ি। ভাষা আন্দোলনের উত্তাল সময়ে তিনি ছাত্র হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন এবং পূর্বধলায় আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে কাজ করেছেন।
৩. আজিম উদ্দিন আহমেদ: জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামে তাঁর জন্ম। তিনি নেত্রকোণা আঞ্জুমান স্কুলে দশম শ্রেণিতে পড়ার সময় ভাষা আন্দোলনে যোগ দেন। তৎকালীন সরকারের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ তাঁকে স্কুল থেকে বের করে দিয়েছিল। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর ৬২ বছর পর আঞ্জুমান স্কুলের শত বর্ষ পদার্পন অনুষ্ঠানে তাকে আবার ছাত্রত্ব ফিরিয়ে দেয়া হয়।
৪. আব্দুল আজিজ: বৈরাটি ইউনিয়নের দিলনগর গ্রামে তাঁর বাড়ি। ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্র হিসেবে আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
৫. ইউনুস আলী মন্ডল: জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামে তাঁর বাড়ি। ভাষা আন্দোলনের সময় তিনি ছাত্রাবস্থায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।
৬. তরিকুল ইসলাম: ধলামুলগাও ইউনিয়নের তাঁর বাড়ি। তৎকালীন ছাত্রনেতা হিসেবে তিনি পূর্বধলায় ভাষা আন্দোলনের স্বপক্ষে যোগদেন।
৭. ডাঃ এম. এ হামিদ খান: নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর গ্রামে তাঁর বাড়ি। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলনের মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূর্বধলার সেই বীর ভাষা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
তথ্যসূত্র- বীর সাব্বির ও মোহাম্মদ আলী জুয়েল।