নেত্রকোণা-৫ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও সব কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে Bangladesh Nationalist Party (বিএনপি)। দলটির অভিযোগ, ভোটগ্রহণ ও ফল প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রকৃত ফলাফল প্রভাবিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবু তাহের তালুকদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে বিভিন্ন কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট বাতিল, ফলাফল শিটে গড়মিল, ভোটগ্রহণে কৃত্রিম স্থবিরতা এবং জাল ভোটের মতো অভিযোগ উঠেছে।
তিনি দাবি করেন, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-১০)-এ বিকেলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং পরে সীমিত সময়ের জন্য পুনরায় চালু হয়। একই কেন্দ্রে ভোটার যাচাই ছাড়াই ব্যালট সরবরাহের অভিযোগও তোলা হয়।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-৭৯)-এ গণনা শেষ হওয়ার আগেই বিএনপির এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষরের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেন তিনি। অস্বীকৃতি জানালে প্রশাসনিকভাবে তাকে বাধ্য করা হয়েছে বলেও দাবি করা হয়।
এ ছাড়া মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্র নং-১৪)-এ নির্ধারিত সংখ্যার চেয়ে কম বুথ স্থাপনের কারণে দীর্ঘ সারি তৈরি হয় এবং অনেক নারী ও বয়স্ক ভোটার ভোট দিতে না পেরে ফিরে যান বলে অভিযোগ করেন প্রার্থী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৫৬৩। তবে বিএনপি প্রার্থীর দাবি, উল্লিখিত অনিয়ম না হলে ফল ভিন্ন হতে পারত।
তিনি আরও বলেন, বাতিল ভোটের সংখ্যা নিয়েও দুই দফা ঘোষণায় অসংগতি রয়েছে। কোনো কোনো কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা নিবন্ধিত ভোটারের চেয়েও বেশি হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ফলাফল স্থগিত রেখে সব কেন্দ্রের ভোট পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে আইনগত ও গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে।
নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও তুলে ধরে বিএনপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির এবং ইশতিয়াক আহমেদ বাবু।
এ সময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।