নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। আজ রবিবার (৩ মে) ভোর ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার জারিয়া আনসার ক্যাম্পের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় জারিয়া এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। ভোর সোয়া ৫টার দিকে সন্দেহভাজন তল্লাশিকালে ২১ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার মোট ওজন প্রায় ৬০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা।
গ্রেফতারকৃত শাহিন মিয়া কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অবৈধ চোরাচালান দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামালসহ আসামিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া (মামলা রুজু) প্রক্রিয়াধীন রয়েছে।”