নেত্রকোনার পূর্বধলায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এ সময় পূর্বধলা থানা পুলিশের একটি দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আ. রহমান (২৫) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।