নেত্রকোনার পূর্বধলায় কাপাশিয়া বাজার এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাশিয়া বাজার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি গত ২০-২২ দিন ধরে কাপাশিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং বাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন।
বাজারের ব্যবসায়ী সুমন মিয়া জানান, ওই ব্যক্তি গত দুই দিন ধরে তাঁর দোকানের সামনেই রাত কাটাতেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাজারের পাহারাদার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।