দেশব্যাপী পরিচালিত বিশেষ তল্লাশি অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ধারাবাহিকতায় নেত্রকোনার পূর্বধলায় এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেতার নাম মো: আব্দুল মোতালেব (৪৮)।
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ঘাইলাপাড়া গ্রামে এক ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মোতালেব বিশকাকুনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখে পূর্বধলা থানায় একটি বিস্ফোরক মামলা (মামলা নং-০১) দায়ের করা হয়েছিল। তিনি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারার মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে এজাহারভুক্ত আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেবকে কঠোর পাহারায় আদালতের মাধ্যমে নেত্রকোনা জেলা জেল-হাজতে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।