পূর্বধলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৪ বছরের ছাত্রীকে সিএনজিতে তুলে অপহরণের অভিযোগ; থানায় মামলা – পূর্বধলার দর্পন
রবিবার, ০৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৪ বছরের ছাত্রীকে সিএনজিতে তুলে অপহরণের অভিযোগ; থানায় মামলা

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 7, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে এক নাবালিকা কিশোরী ছাত্রীকে (১৪) জোরপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের (১৬) বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবার বাদী হয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর ও অপহৃত ছাত্রী নিখোঁজ রয়েছে।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের ওই মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের ১৬ বছর বয়সী এক বখাটে কিশোর রাস্তা-ঘাটে উত্যক্ত ও হয়রানি করে আসছিল। সে বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে অবান্তর প্রেমের প্রস্তাব ও নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত কিশোরের পরিবারকে জানালেও তারা কোনো প্রকার সুরাহা বা ব্যবস্থা নেয়নি। উল্টো বখাটে কিশোরের পরিবার বাদী পরিবারের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করে বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ ঘটনার জেরে পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং বাদী পরিবারকে বিভিন্ন সময়ে মামলা না করার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অপহরণের আগের দিন অভিযুক্ত কিশোরকে ওই এলাকায় বেশ কিছু সহযোগী নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরবর্তীতে গতকাল শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ওই কিশোরী প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে মহিষবেড় জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা ও-ই কিশোর তার পথরোধ করে। প্রথমে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলানোর চেষ্টা করা হয় এবং ব্যর্থ হয়ে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে দ্রুত গতিতে অপহরণ করে নিয়ে যায়।

​ঘটনার সময় ভুক্তভোগীর বাবা পাশেই মসজিদে অবস্থান করছিলেন। তিনি মেয়ের আর্তচিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং চলন্ত সিএনজিটি আটকানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে দিনভর খোঁজাখুঁজি করেও ওই কিশোরীর কোনো সন্ধান পাননি। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন এবং দ্রুত মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধারসহ প্রশাসনের কাছে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নাবালিকা মাদ্রাসাছাত্রী অপহরণের বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান নিশ্চিত করতে এবং তাকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেফতারে থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে।”