জনদুর্ভোগ লাঘবে পূর্বধলায় ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতারা; ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পৌরসভা পুনঃপ্রতিষ্ঠার দাবি – পূর্বধলার দর্পন
রবিবার, ০৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

জনদুর্ভোগ লাঘবে পূর্বধলায় ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতারা; ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পৌরসভা পুনঃপ্রতিষ্ঠার দাবি

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 6, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রেলস্টেশন থেকে পূর্বধলা বাজারগামী গুরুত্বপূর্ণ প্রধান সড়কের একটি বড় ক্ষতিগ্রস্ত অংশ স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে মাটি ও ইটের খোয়া ফেলে সংস্কার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা সদরের স্টেশন রোডের ব্র্যাক অফিস সংলগ্ন সামনের তীব্র ভাঙা সড়কটির মেরামতকাজ সম্পন্ন করা হয়।

​উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের সার্বিক দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এ সংস্কার কার্যক্রম পরিচালিত হয়। সড়কটি চলাচলের উপযোগী করতে আর্থিক ও সার্বিক সহায়তা প্রদান করেন জারিয়া ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ আব্দুল লতিফ তালুকদার (আল্লাদ)।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, পূর্বধলা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ওই প্রধান সড়কে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সম্প্রতি মেরামত করা সড়কের নিচু অংশে বড় বড় গর্ত ও মারাত্মক ভাঙন দেখা দেয়। মূলত কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি ঠিকমতো বের হতে পারছে না, ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের ওই অংশে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়ে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

​জনসাধারণের এই চরম কষ্টের কথা বিবেচনা করে আজ দুপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে ওই ঝুঁকিপূর্ণ বড় বড় গর্তগুলোতে মাটি ও ইটের খোয়া ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

সংস্কার কাজ চলাকালে উপস্থিত সাংবাদিকদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার বলেন, “পূর্বধলা বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও স্টেশন বাজারে যাতায়াতের অন্যতম প্রধান এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটির এই বেহাল অবস্থার কারণে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ সব ধরনের যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই আলহাজ আব্দুল লতিফ তালুকদারের সহযোগিতায় আমরা এই সাময়িক মেরামতের উদ্যোগ নিয়েছি।”

​এ সময় তিনি সড়কটির স্থায়ী কার্পেটিং সংস্কার এবং বাজারে পানি নিষ্কাশনের জন্য একটি কার্যকর ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি, উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে পূর্বধলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি— বাতিল হওয়া ‘পূর্বধলা পৌরসভা’ দ্রুত পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সড়ক সংস্কারের এই সামাজিক কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার জাহান দর্পন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, জারিয়া ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ আব্দুল লতিফ তালুকদার (আল্লাদ), পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।