নিরাপদ বাইকিং ও যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ‘রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব’-এর উদ্যোগে জমকালো ঈদ পুনর্মিলনী এবং বাইকারদের দক্ষতা যাচাইয়ের ‘জিগজ্যাগ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) বিকেলে ঐতিহ্যবাহী জগতমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাইকেল শেড প্রাঙ্গণে এই ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এই আকর্ষণীয় জিগজ্যাগ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদকের মরণনেশা ও সব ধরণের অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলা ও এই ধরণের সুস্থ বিনোদনমূলক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তবে মোটর সাইকেল চালানোর সময় গতি নিয়ন্ত্রণের পাশাপাশি শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ও সেফটি গিয়ার ব্যবহার করা অত্যন্ত জরুরি। রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব তরুণদের সচেতন করতে যে চমৎকার উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়।”
রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন— রেডলাইনের উপদেষ্টা ইশতিয়াক আহমেদ বাবু ও উপদেষ্টা জুলফিকার আলি শাহীন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জেকি এবং যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পুসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক বাইকপ্রেমী তরুণ।
জিগজ্যাগ প্রতিযোগিতায় রাইডাররা অত্যন্ত সুনিপুণ দক্ষতায় আঁকাবাঁকা ও সরু পথে নিখুঁত টাইমিংয়ে বাইক চালিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায়: ১ম স্থান: মাত্র ১২.৪৮ সেকেন্ডে পথ পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করে আকর্ষণীয় একটি হেলমেট জিতে নেন নোমান খান। ২য় স্থান: ১২.৭৪ সেকেন্ড টাইমিং নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে একটি প্রিমিয়াম রেইনকোট জিতে নেন সাব্বির আহমেদ রাজু। ৩য় স্থান: ১২.৮৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে একটি উন্নত মানের ইঞ্জিন অয়েল উপহার পান রাইডার আপেল।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও ক্লাবের উপদেষ্টাগণ বিজয়ীদের হাতে মূল পুরস্কার তুলে দেন। এছাড়া আসরে অংশগ্রহণকারী বাকি সব রাইডারদের উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে আকর্ষণীয় চাবির রিং উপহার দেওয়া হয়।