পূর্বধলায় ব্র্যাকের ৩০ ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ৬০০ মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় ব্র্যাকের ৩০ ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ৬০০ মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 11, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দরিদ্র ও প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর উদ্যোগে নতুন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ ও পালন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পূর্বধলা ব্র্যাক এরিয়া অফিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যাকের ৩০ জন নির্বাচিত নারী সদস্যের হাতে দুই দিন বয়সী মোট ৬০০টি মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। এ সময় প্রত্যেক সদস্যকে খামার শুরুর জন্য ২০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়।

মুরগির বাচ্চা বিতরণের পাশাপাশি উপকারভোগী নারীদের জন্য একটি সংক্ষিপ্ত টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুরগি পালন, ব্রুডিং পিরিয়ডে সঠিক পরিচর্যা, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা, বাসস্থান তৈরি এবং মুরগির বিভিন্ন মারাত্মক রোগ বালাই প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন প্রদান বিষয়ে প্রয়োজনীয় ও বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাসান। ব্র্যাকের এই সামাজিক উদ্যোগের উচ্চসিত প্রশংসা করে তিনি বলেন, “এ ধরনের কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র নারী উদ্যোক্তা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে এবং ব্র্যাকের দেওয়া এই সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার গাইডলাইন কাজে লাগিয়ে উপকারভোগীরা খুব দ্রুতই নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।”

পূর্বধলা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ময়মনসিংহ-২ রিজিওনের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আব্দুল আউয়াল, পূর্বধলা শাখা ব্যবস্থাপক মো. শফিউল্লাহ এবং আরবান কো-অর্ডিনেটর আবুল আরশাদ।

​সভাপতির বক্তব্যে এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমান বলেন, “ব্র্যাক দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে দরিদ্র পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।”

​অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এসব কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের সমাজে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং পরিবারের ডিম ও মাংসের পুষ্টি চাহিদা সহজে পূরণ হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে ব্র্যাকের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।