পূর্বধলার ভবানীপুরে মৎস্য বিভাগের অভিযান; ১ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও অগ্নিসংযোগ – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলার ভবানীপুরে মৎস্য বিভাগের অভিযান; ১ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও অগ্নিসংযোগ

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 2, 2026

দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে। আজ (২ জুন) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকায় জলাশয়ে পেতে রাখা বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারী জাল’ জব্দ করে তা কেরোসিন দিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।

উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আজ ধলামূলগাঁওয়ের ভবানীপুর এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফুল্লাহ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্বধলা থানার এএসআই মো. ফজলুল হক ও তাঁর সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে স্থানীয় বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও বিল থেকে দেশীয় মাছের বংশ ধ্বংসকারী বেশ কয়েকটি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে একশ্রেণির অসাধু মৎস্যজীবী এই ক্ষতিকারক জাল দিয়ে রেণু ও পোনা মাছসহ সব ধরণের জলজ প্রাণী নিধন করার চেষ্টা করছিল।

উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফুল্লাহ জানান, “চায়না দুয়ারী জাল এদেশের মৎস্য সম্পদের জন্য এক মারাত্মক হুমকি। এই জালে ছোট-বড় সব ধরণের মাছ আটকা পড়ে, যা দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধিকে ব্যাহত করে।” তিনি আরও জানান যে, উপজেলার কোথাও এই নিষিদ্ধ জাল বিক্রি, তৈরি বা ব্যবহার করা হলে জড়িতদের বিরুদ্ধে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন’ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। দেশীয় মাছ রক্ষায় এই ধরণের অভিযান উপজেলার প্রতিটি ইউনিয়নে নিয়মিত অব্যাহত থাকবে।