পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত; ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি’ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত; ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি’ প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: June 1, 2026

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’— এই দূরদর্শী প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

​র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জাহান

​আরও বক্তব্য রাখেন— উপজেলা কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবু বকর সিদ্দিক ।

​সভায় বক্তারা তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বলেন, “তরুণ ও যুব সমাজকে তামাকের মরণনেশা থেকে রক্ষা করতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। কোম্পানিগুলোর লোভনীয় প্রলোভন ও চটকদার প্রচারণার মুখোশ উন্মোচন করে নতুন প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত জীবনের পথে ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব।”

​সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও তাসনিম জাহান বলেন, “উপজেলার প্রতিটি হাট-বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা বন্ধে এবং প্রকাশ্যে ধূমপান প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি পদক্ষেপ ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে।”

​অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্থানীয় সাংবাদিক এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।