পূর্বধলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: May 30, 2026

স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৭টায় দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিকেলে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম

প্রধান অতিথির বক্তব্যে এমপি মানসুরা আলম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এক কালজয়ী ও অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর সততা, অদম্য দেশপ্রেম এবং উন্নয়ন-উৎপাদনের রাজনীতি নতুন প্রজন্মের জন্য এক শ্রেষ্ঠ শিক্ষণীয় আদর্শ। বর্তমান সময়ে দেশের কল্যাণ ও মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শহীদ জিয়ার রাজনৈতিক জীবন ও দর্শনের ওপর দীর্ঘ আলোকপাত করেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান

​তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহীদ জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা, শহীদ জিয়া মানেই এদেশের সার্বভৌমত্বের শক্তিশালী প্রাচীর। সংকটে ও শান্তিতে তিনি যেভাবে জাতিকে পথ দেখিয়েছেন, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ আমাদের সেই হারানো বহুদলীয় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সফল করতে হবে।”

উপজেলা বিএনপির নেতা এম এ মান্নান এবং শেখ মো. আব্দুর রাশিদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে এক আবেগঘন পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও জনগণের শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।