পরীক্ষার্থীদের পাশে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদল; পানি ও শিক্ষা উপকরণ বিতরণ – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পরীক্ষার্থীদের পাশে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদল; পানি ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 23, 2026

গরম আর পরীক্ষার চাপের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের একটু স্বস্তি দিতে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পূর্বধলা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।

পরীক্ষার প্রথম থেকেই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজ সকালে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রের প্রবেশপথে জড়ো হন। তারা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হাতে কলম তুলে দেওয়ার পাশাপাশি গরমে পানিশূন্যতা রোধে বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহ করেন। ছাত্রদলের এই ব্যতিক্রমী উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুবায়েত খান শান্ত, সাধারণ সম্পাদক রাফিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিব খান, সিনিয়র নেতা আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম বিজয়, ইফতেখার আজমি এবং ছাত্রদল নেতা জিহান মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুখ-দুঃখে পাশে থাকে। তারই ধারাবাহিকতায় পরীক্ষার্থীদের মানসিক সাহস যোগাতে এবং তীব্র গরমে তাদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রদল রাজপথে থাকবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।