পূর্বধলায় পুকুরের পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় পুকুরের পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 17, 2026

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে বাবর আজম (৩) নামের এক শিশুর প্রাণহানি ঘটেছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯ নং খলিশাউড় ইউনিয়নের লাঙ্গলজোড়া গ্রামে এই করুণ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শামীম মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনে থাকা একটি ছোট পুকুরের কাছে চলে যায় শিশু বাবর। একপর্যায়ে সে পানিতে পড়ে তলিয়ে যায়। তাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

​কিছুক্ষণ পর শিশুটির ফুফু মিম ঘরের পেছনের পুকুরে বাবর আজমের পরনের প্যান্ট ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবর আজমকে মৃত ঘোষণা করেন। ফুটফুটে এই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় তথ্য দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।