পূর্বধলায় হামের উপসর্গে ২৪ শিশুর চিকিৎসা, ২ শিশু ভর্তি – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় হামের উপসর্গে ২৪ শিশুর চিকিৎসা, ২ শিশু ভর্তি

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 8, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আসা শিশুর সংখ্যা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ২৪ জন শিশুকে এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানিয়েছেন, চিকিৎসাধীন শিশুদের মধ্যে ২১ জনের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো নিশ্চিত হওয়ার জন্য ঢাকার মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন শিশু চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তারা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যেসব শিশুদের নমুনা নেওয়া হয়েছে তারা বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।