পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশুর; ঘাতক চালক পলাতক – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশুর; ঘাতক চালক পলাতক

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 1, 2026

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান ওই এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রায়হান তার নিজ বাড়ির পাশের পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়াগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রায়হানকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সাত বছরের সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে এখনো শনাক্ত করা যায়নি। তবে পুলিশ চালক ও গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”