শপথ নিতে যাচ্ছেন মাছুম মোস্তফা: কাল সংসদ ভবনে নতুন সরকারের ঐতিহাসিক যাত্রা – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

শপথ নিতে যাচ্ছেন মাছুম মোস্তফা: কাল সংসদ ভবনে নতুন সরকারের ঐতিহাসিক যাত্রা

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: February 16, 2026

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিতে যাচ্ছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অন্যান্য নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে তিনিও শপথ গ্রহণ করবেন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, আগামীকাল সকালে সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলে ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শপথ গ্রহণ শেষে নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল বিএনপির সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, যেখানে তারা তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন। পরবর্তীতে দলের নেতা রাষ্ট্রপতির কাছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আবেদন করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২,১১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সহকারী অধ্যাপক মাছুম মোস্তফার এই শপথ গ্রহণকে কেন্দ্র করে পূর্বধলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় নেতার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রার সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা।