পূর্বধলায় জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা হাসপাতালে – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় জামায়াত নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতা হাসপাতালে

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: February 13, 2026

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির দলীয় কার্যালয়ে জামায়াত নেতার নেতৃত্বে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই ঘটনা ঘটে। এতে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন (৪৩) গুরুতর আহত হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা কামাল হোসেন অভিযোগ করেন, বিকেলে তিনি ও অন্য নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পার্শ্ববর্তী খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া গ্রামের জনৈক জামায়াত নেতার নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা লোহার পাইপ দিয়ে আঘাত করলে কামাল হোসেনের মাথা ফেটে যায় এবং কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।