Sunday, 14 June 2026

অবিশ্বাস্য কিন্তু সত্যি! ৪ দিন পর নিজের গরু ফিরে পেলেন পূর্বধলার সেই কৃষক

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামে চুরি হওয়া গরু ফিরে পাওয়ার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। গত ১১ জানুয়ারি দিবাগত রাতে কৃষক তনু মিয়ার (৪৮) গোয়ালঘর ভেঙে চুরি হওয়া দুটি গরুই দীর্ঘ চার দিন পর সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পাশের চরপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে কলাগাছে বাঁধা অবস্থায় পাওয়া যায় এঁড়ে বাছুরটিকে। সর্বশেষ শনিবার (১৭ জানুয়ারি) ভোরে তনু মিয়ার বাড়ির সামনের ধানক্ষেত থেকে উদ্ধার হয় ৬ মাসের গর্ভবতী গাভীটি।

​হারানো গরু ফিরে পেয়ে আবেগাপ্লুত তনু মিয়া বলেন, “আমি খুব সাধারণ মানুষ, কারো কোনো ক্ষতি করিনি। কে বা কারা গরুগুলো নিয়েছিল জানি না, তবে আল্লাহর দরবারে শুকরিয়া যে শেষ পর্যন্ত গরুগুলো ফিরে পেয়েছি।”

​এদিকে স্থানীয়রা জানান, ঘাগড়া গ্রামে গত এক দশকে এমন চুরির ঘটনা বিরল। তবে চুরি হওয়া গরু এভাবে ফিরে পাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গ্রামবাসীদের মতে, অতীতে গরু চুরি করে মুক্তিপণ নেওয়ার প্রথা থাকলেও এবারের ঘটনাটি কিছুটা ভিন্ন। তাঁরা এই ধরনের অপকর্ম রুখতে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​উল্লেখ্য, গত রবিবার রাতে তনু মিয়ার গোয়ালঘর ভেঙে একটি গর্ভবতী গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে গিয়েছিল চোরচক্র, যার আনুমানিক মূল্য ছিল এক লাখ টাকারও বেশি।