নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বৈশাখী ছাত্রসংঘ’-এর উদ্যোগে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর সম্পন্ন হয়েছে। গত শনিবার (৩০ মে) সন্ধ্যায় পূর্বধলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্লাডলাইটের আলোয় এই আকর্ষণীয় টুর্নামেন্টটি শুরু হয়ে শেষ হয় মধ্যরাতে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বৈশাখী ছাত্রসংঘের সভাপতি তুষার খানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক তুষার দত্তের চমৎকার সঞ্চালনায় এক ক্রীড়া আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, সাফা ইশতিয়াক লিমা, বৈশাখী ছাত্রসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বুলবুল কায়সার আকন্দ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অনুপ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দৌলত আলী এবং পূর্বধলা ফুটবল একাডেমির পরিচালক শফিক সরকার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন— বৈশাখী ছাত্রসংঘের সাবেক সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীব, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, অনির্বাণ ক্লাবের সাবেক সভাপতি জুয়েল রানা এবং পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান আকন্দ রাপ্পুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
শর্টপিচের এই গতিময় ও রোমাঞ্চকর নাইট টুর্নামেন্টে সর্বমোট ৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— মেহরাব ফাইটার্স, বিনয় উইনিং ওয়ারিয়র্স, প্রত্যাশা ফাইটার্স, পাওয়ার বয়েজ, রাজ্য স্ট্রাইকার্স এবং তন্ময় মেমোরিয়ালস।
গভীর রাত পর্যন্ত চলা টুর্নামেন্টের চূড়ান্ত ও হাই-ভোল্টেজ ফাইনালে শক্তিশালী ‘বিনয় উইনিং ওয়ারিয়র্স’-কে হারিয়ে প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘মেহরাব ফাইটার্স’। আর রানারআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিনয় উইনিং ওয়ারিয়র্সকে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন।