সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম বলেছেন, “পূর্বধলা সব সময়ই অবহেলার জায়গায় ছিল, এখনও আছে। ১৭ বছর আগে পূর্বধলা যেমন ছিল, এখনও ঠিক তেমনই আছে। এখানে আশানুরূপ উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। একটু আগেও বাসা থেকে বের হয়ে পঁচা পানি ও ড্রেন পার হয়ে আমাকে এই অনুষ্ঠানে আসতে হয়েছে।”
আজ সোমবার (২৫ মে) দুপুর ২টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মানসুরা আলম তাঁর বক্তব্যে আরও বলেন, “রাজনীতির হিসাব-নিকাশের বাইরে গিয়ে আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি এমপি হয়েছি নিজের আখের গোছাতে বা সম্পদশালী হওয়ার জন্য নয়। আমার ওপর যতটুকু দায়িত্ব এসেছে, তা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সততার সাথে পালন করতে চাই। আপনাদের জন্য কতটুকু করতে পারব জানি না, তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
তিনি আরও যোগ করেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ অঞ্চলের মানুষের টেকসই উন্নয়নে আগামী দিনে সরকার কাজ করে যাবে এবং উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ছক তৈরি করা হচ্ছে।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার রাস্তা-ঘাটের বেহাল দশা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের দাবি ‘পূর্বধলা পৌরসভা’ দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের সুনির্দিষ্ট মতামত ও স্থানীয় সমস্যাগুলো এমপির সামনে তুলে ধরেন।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে এমপি মানসুরা আলম বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রকৃত প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পূর্বধলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে আমি স্থানীয় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ফকরুল হাসান, প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, মানবজমিনের উপজেলা প্রতিনিধি জোবায়ের হোসেন বাচ্চু, দিনকালের প্রতিনিধি ইমরান মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, আজকের খবরের প্রতিনিধি সাইফুল্লাহ মানসুর এবং আজকের আরবানের বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব প্রমুখ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হেলালি, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান কবির পাপ্পু, যুবদল নেতা আব্রাহাম লিংকন, মহিলা নেত্রী সুমি আক্তার, ভোরের সময় অনলাইনের শাহীন খন্দকার, সাংবাদিক মুজিবুর রহমান, আমিনুল হক ও তুষার দত্তসহ পূর্বধলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।