সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক কুসংস্কার ও নেতিবাচক সামাজিক ধ্যান-ধারণা দূর করে একটি সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় ‘সমতায় তারুণ্য সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ‘অ্যাক্টিভিটি ফর রিফরমেশন অফ বেসিক নিডস-আরবান’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। তিনি বলেন, “নারীদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী জেন্ডার সংবেদনশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আরবান-এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান তাঁর স্বাগত বক্তব্যে সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও যুব প্রতিনিধিগণ।
সভায় জেন্ডার স্টেরিওটাইপ ও সচেতনতা বিষয়ক বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়। বক্তারা অভিমত দেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কমিউনিটি পর্যায়ের আলোচনার মাধ্যমে তরুণদের ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে জেন্ডারভিত্তিক বৈষম্য কমিয়ে আনা সম্ভব।