নেত্রকোনার পূর্বধলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রকৃত অসহায় ১০টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘাগড়া ও আগিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আছাদুজ্জামান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও শুকনো খাবারের প্যাকেট হস্তান্তর করেন। প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হওয়া পরিবারগুলোকে পুনরায় মাথা গোঁজার ঠাঁই করে দিতে সরকারের পক্ষ থেকে এই জরুরি সহায়তা প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রকৃত অসহায়দের মাঝে এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্তদেরও সহায়তার আওতায় আনা হবে।