আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের প্রধান বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) সরেজমিনে দেখা গেছে, স্টেশান মোড় থেকে জামতলা বাজার পর্যন্ত দীর্ঘ রাস্তা ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রলির দখলে থাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বাজারে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় যত্রতত্র অটোরিকশা থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। এতে করে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে। স্থানীয় ব্যবসায়ী নোমান ফকির জানান, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই জটে এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও ওষুধের গাড়িও আটকা পড়ছে। আকাশ নামে এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে ঈদ বা পূজার সময় প্রশাসনের তৎপরতা দেখা গেলেও এবার এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ছে না।
স্থানীয়দের মতে, আগে অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও গত দেড়-দুই বছর ধরে সেই নিয়ম মানা হচ্ছে না। সরু রাস্তার ওপর যত্রতত্র দোকান বসানো এবং শৃঙ্খলার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জরুরি কেনাকাটা করতে আসা মানুষ দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম বিরক্তি প্রকাশ করছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে ঈদের পরদিন পর্যন্ত বাজার এলাকায় গ্রাম পুলিশ ও নিয়মিত পুলিশ সদস্যরা যানজট নিরসনে দায়িত্ব পালন করবেন। প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে কাল থেকে যানজট কমবে বলে আশা করছেন এলাকাবাসী।