নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে পাঠানো উপহারের খেজুর ১০৪টি মসজিদে বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খেজুর সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর সৌদি আরব সরকারের পক্ষ থেকে নেত্রকোণা জেলার ৮৬টি ইউনিয়নের জন্য মোট ২২৬ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নের জন্য বরাদ্দ আসে ২৭ কার্টন খেজুর। পরবর্তীতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১০৪টি মসজিদের প্রতিটিতে ২ কেজি করে মোট ২০৮ কেজি খেজুর সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান জানান, বরাদ্দকৃত উপহারের এই খেজুর অত্যন্ত স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত মসজিদগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।