নেত্রকোণার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্টেশন বাজার সংলগ্ন দেওটোকোন রোডে উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক শীর্ষ নেতা শহীদুল্লাহ্ ইমরানের নিজ বাসভবনে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম ও সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, জুলফিকার আলি শাহিনসহ শফিকুল আলম শাহীন, তৌফিদ কবির রাসেল, এমএম ওয়াদুদ, জুবায়ের হোসেন বাচ্চু এবং নুরে আলম চন্দ্রনসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে আয়োজক শহীদুল্লাহ্ ইমরান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ লেখনী সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে।” তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি পূর্বধলার সার্বিক উন্নয়ন ও সুশাসনে সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেসক্লাব নেতৃবৃন্দ এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের সম্মানে এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তারা উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে দায়িত্বশীল এবং গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পূর্বধলা স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, বিএনপি নেতা আহমদ আলী সরকার, হাজী আব্দুর গনি, এম এ মান্নান এবং যুবদল আহ্বায়ক এনামুল হক হলুদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।