নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা ঘোষণা দিয়েছেন যে, তাঁর নির্বাচনী এলাকায় দুর্নীতি ও মাদকের ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন।
মাছুম মোস্তফা বলেন, “আমি নির্বাচনের পূর্বে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি—আমি কোনো দুর্নীতি করবো না এবং আমার কাছে কোনো দুর্নীতিবাজ প্রশ্রয় পাবে না।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে অঙ্গীকারাবদ্ধ। তাই সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলে মিলে যদি আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত পূর্বধলা গড়তে পারি, তবে সেটিই হবে বর্তমান সরকারের অন্যতম বড় সাফল্য।”
মাদকের ভয়াবহতা রোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে সংসদ সদস্য বলেন, “দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে যখন যেখানে সহযোগিতা লাগবে, আমি সবসময় প্রস্তুত আছি।” তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বধলাকে একটি আদর্শ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থানীয় হাসপাতাল ও রাস্তাঘাটের বেহাল দশাসহ নানা নাগরিক সমস্যার কথা উঠে আসে। এসব সমস্যার কথা শুনে সংসদ সদস্য আশ্বাস দেন যে, তিনি প্রতিটি দপ্তরে ব্যক্তিগতভাবে গিয়ে সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং স্বল্প সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান ও এলাকার উন্নয়নের সম্ভাবনাগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আনিছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।