ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের করণীয় এবং আচরণবিধি বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের আরবান’-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক এবং পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে যেমন পেশাদারিত্ব বজায় থাকবে, তেমনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।”
সভায় নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের অনুমোদন প্রক্রিয়া, ভোটকেন্দ্রে প্রবেশের নিয়ম, ছবি ও ভিডিও ধারণের সীমাবদ্ধতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার বা লাইভ প্রচারে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারিগরি ও আইনি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজকের আরবানের বার্তা সম্পাদক সুহাদা মেহজাবিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন: মো. জায়েজুল ইসলাম, সভাপতি, পূর্বধলা প্রেসক্লাব। কেবিএম নোমান শাহরিয়ার, সাধারণ সম্পাদক, পূর্বধলা প্রেসক্লাব। আলী আহম্মদ খান আইয়ুব, প্রতিষ্ঠাকালীন সভাপতি, লেখক ও গবেষক। সাবেক সভাপতিবৃন্দ যথাক্রমে জুলফিকার আলি শাহিন ও শফিকুল আলম শাহীন।
এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও আজকের আরবানের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে নির্বাচন কমিশনের নির্দেশনা সংবলিত লিপলেট বিতরণ করা হয়। বক্তারা সময়োপযোগী এ ধরনের আয়োজনের জন্য ‘আজকের আরবান’ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।