দীর্ঘ ৩৩ দিন বন্ধ থাকার পর অবশেষে যান্ত্রিক প্রতিবন্ধকতা কাটিয়ে নেত্রকোনার জারিয়া-ময়মনসিংহ রেলপথে পুনরায় চলাচল শুরু করেছে ‘জারিয়া লোকাল’ ট্রেন। ইঞ্জিন সংকটের কারণে এক মাসেরও বেশি সময় ধরে ট্রেনটি বন্ধ থাকায় এই রুটের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মূলত ইঞ্জিন বিকল হওয়ার কারণে ট্রেনটির চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকালই ট্রেনটি চালুর কথা থাকলেও কারিগরি কিছু জটিলতায় তা সম্ভব হয়নি। অবশেষে সকল সংকট কাটিয়ে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার প্রথম ট্রিপ থেকে ট্রেনটি নিয়মিত রুটে চলাচল শুরু করেছে।
দীর্ঘদিন পর ট্রেন চালু হওয়ায় আজ সকালে জারিয়া, পূর্বধলা ও অন্যান্য স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ ট্রেন চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন। যাত্রীরা জানান, ট্রেন বন্ধ থাকায় বিকল্প সড়কপথে দ্বিগুণ ভাড়ার পাশাপাশি অতিরিক্ত সময় অপচয় করতে হচ্ছিল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিন সমস্যার স্থায়ী সমাধান করে এখন থেকে নিয়মিত সময়সূচি অনুযায়ী জারিয়া লোকাল চলাচল করবে।