নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের মুখে হাসি ফোটাতে নববর্ষের বিশেষ উপহার সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘NEW YEAR Gift Kits FY’2026’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে পূর্বধলা এপি, নান্দাইল এপিসিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উদ্বোধনী দিনে কমিউনিটির নিবন্ধিত ও অনিবন্ধিত ১৭৫ জন শিশুর হাতে উপহার তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল— ১টি মানসম্মত স্কুল ব্যাগ, ৬টি খাতা, ১টি বিছানার চাদর, ১টি ছাতা এবং সাবান। আয়োজক সংস্থাটি জানিয়েছে, প্রথম ধাপের পর পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪ হাজার সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে।
নান্দাইল এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ) ডা. শাহ সায়িদ ইবনে আব্দুল আজিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপি স্পন্সরশিপ ও সিপি অফিসার ভজন জন চিরান।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান বলেন, “শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের বিদ্যালয়মুখী করতে সহায়ক ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে কাজল আলফন্স দ্রং জানান, শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উৎসাহিত করতেই দীর্ঘ মেয়াদী এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।