“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে”— এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, পূর্বধলা এর আয়োজনে এবং ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ডিজিটাল মাধ্যমে/লিখিত বার্তায়) যুক্ত ছিলেন স্থানীয় সরকার নেত্রকোনার উপপরিচালক (ডিসি) জনাব মো. আরিফুল ইসলাম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মো. বদিউজ্জামান (বাদল)।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূর্বধলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান শাহরিযারসহ স্থানীয় এনজিও প্রতিনিধি, ইমাম, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং উপজেলার কর্মরত সংবাদকর্মীরা।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ জনপদের সাধারণ মানুষের দোরগোড়ায় অল্প খরচে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। এই আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে উঠান বৈঠক, তথ্যচিত্র প্রদর্শন, প্রচারপত্র বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে বিচার কার্যক্রম পরিচালনার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।