নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে আরও তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে প্রথম অভিযানটি পরিচালিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে ডিএনসির একটি দল স্থানীয় বাসিন্দা এলাল উদ্দিনের (৫৫) বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাঁর ঘরের ভেতর থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা। গ্রেপ্তার এলাল উদ্দিন মৃত শহর আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই দিন রাত ৮টার দিকে উপজেলার হিরণপুর বাজার এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করা হয়। সেখানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন— পূর্বধলা উপজেলার ইয়ারণ গ্রামের মো. বাইজিদ রহমান অভি (২৩), জাকির (২৭) এবং গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার মো. রাসেল মোল্লা (২৭)।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। আদালত মাদক সেবনের অপরাধে ওই তিন যুবককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাতেই দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।