নেত্রকোণা জেলা পর্যায়ে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ মেধার স্বাক্ষর রেখেছে পূর্বধলা উপজেলার শিক্ষার্থীরা। ব্যাডমিন্টন, দাবা এবং মার্শাল আর্ট (কারাতে)—এই তিনটি ইভেন্টেই পূর্বধলার খুদে ক্রীড়াবিদরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল (০৭ মে) বৃহস্পতিবার প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য দেখিয়েছে হোগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী স্পর্শিয়া সিদ্দিকা (রোল-১)। সে বালিকা ব্যাডমিন্টন একক ইভেন্টে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুধু ব্যাডমিন্টন নয়, দাবার বোর্ডও কাঁপিয়েছে এই কিশোরী। দাবায় দলগত ইভেন্টে স্পর্শিয়া সিদ্দিকা এবং তাঁর সহযোগী খেলোয়াড় ফাবিহা রাইসা তালুকদার চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক নিশ্চিত করেছে। ফাবিহা রাইসা পূর্বধলা জগতমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, আজ (০৮ মে) শুক্রবার মার্শাল আর্ট (কারাতে) প্রতিযোগিতার ৪৫+ কেজি একক ইভেন্টে রানার্সআপ হয়ে রৌপ্য পদক জিতেছে স্পন্দন দে। সে পূর্বধলা জগতমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। ফাইনালে নেত্রকোণা সদর উপজেলার প্রতিযোগীর কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হলেও তার লড়াকু পারফরম্যান্স দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার সকালে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামের ইনডোরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথি নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার। এসময় নেত্রকোণা জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো দলের ম্যানেজার হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিরঞ্জন কুমার ভাদুড়ি ও জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান।
তৃণমূল পর্যায় থেকে ১২-১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার এই আয়োজনে পূর্বধলার এমন সাফল্যে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।