সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে নেত্রকোনার পূর্বধলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ রবিবার (৩ মে) রাতে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর সকল দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নিয়ম রয়েছে। এই নির্দেশনা অমান্য করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সরকারি আদেশ অমান্য করায়: দুটি ফলের দোকান, একটি ফার্নিচারের দোকান, একটি ওয়ার্কশপ, একটি সুপারশপ, একটি মুদি দোকান
মোট ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান জানান, বিদ্যুৎ আইন ২০১৮-এর ৪০ ধারা এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। বিদ্যুৎ অপচয় রোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি সকল ব্যবসায়ীদের সরকারি সময়সূচি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।