নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করার ঘটনায় এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: সাজু আহমেদ: সদস্য সচিব, উপজেলা ছাত্রদল।, সোলাইমান কবির পাপ্পু: যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, আইয়ুব আলী: সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড কৃষক দল (পূর্বধলা সদর ইউনিয়ন)।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এমপি মাছুম মোস্তফার ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এমপির ব্যক্তিগত সহকারী বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের রাতেই পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছিল, তবে গতকাল রবিবার আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা সাজু আহমেদ ও সোলাইমান কবির পাপ্পুকে গতকালই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুকেও বহিষ্কার করা হয়েছে।
হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি গতকাল দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। দলের নেতাদের দাবি, তেল নেওয়াকে কেন্দ্র করে এমপির সহকারীর সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের কথা-কাটাকাটি থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর সাথে দলীয় নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি নেতৃবৃন্দ এই মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।