পূর্বধলায় বিষপানের পর তিন দিন লড়াই, প্রাণ গেল গৃহবধূর – পূর্বধলার দর্পন
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল

পূর্বধলায় বিষপানের পর তিন দিন লড়াই, প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেদক: দর্পন নিউজ ডেস্ক | প্রকাশিত: April 17, 2026

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কীটনাশক পান করার তিন দিন পর রাজিয়া খাতুন (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোগলা ইউনিয়নের কোনাকালিহর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জীবিকার তাগিদে রাজিয়া খাতুন ঢাকার মমহাখালী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত ১৪ এপ্রিল সকালে স্বামীর অজান্তে তিনি কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে তার স্বামী দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে-এ ভর্তি করেন।

সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৬ এপ্রিল সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে স্বামী তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। তবে বাড়িতে পৌঁছানোর অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।