নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বালানি তেল (পেট্রোল ও অকটেন) সংগ্রহে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে চালু হওয়া ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম এখন শেষ পর্যায়ে। উপজেলা ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়ন থেকে মোট ১ হাজার ১৩৪ জন গ্রাহক এই ডিজিটাল কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, পূর্বধলা সদর ইউনিয়নে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়াও ধলামূলগাঁও, আগিয়া ও জারিয়া ইউনিয়নেও উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক নিবন্ধিত হয়েছেন। আজ নতুন করে আরও ৩৪টি আবেদন জমা পড়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কোনো আবেদনই সরাসরি প্রত্যাখ্যান করা হয়নি; তবে ৫ শতাধিক আবেদন বর্তমানে যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণের অধীনে রয়েছে।
উপজেলা প্রশাসন আগামী রবিবার (১৯ এপ্রিল ২০২৬) এর মধ্যে সকল বৈধ আবেদনকারীদের মাঝে ডিজিটাল ফুয়েল কার্ড বিতরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যাচাই-বাছাইয়ের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। আজ শুক্রবারেও অফিসে কার্যক্রম চালু থাকতে দেখা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই কার্ড প্রথা চালু হলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি কমবে। এর ফলে তেলের সুষম বণ্টন নিশ্চিত হওয়ার পাশাপাশি কালোবাজারি বা অবৈধ মজুদ রোধ করা সম্ভব হবে।