নেত্রকোণার পূর্বধলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনীম জাহান।
হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন— ৫ নং ধলামুলগাঁও ইউনিয়নের মো. রেজুয়ানুর রহমান। ৯ নং খলিশাউড় ইউনিয়নের কমল কৃষ্ণ সরকার। ১০ নং নারান্দিয়া ইউনিয়নের মো. আব্দুল কুদ্দুছ বেপারী।
এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত পৃথক তিনটি আদেশের মাধ্যমে তাঁদের পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও হাইকোর্টের রায়ের আলোকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ইউনিয়নগুলোতে পূর্বে জারিকৃত প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশগুলো বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান বলেন, “হাইকোর্টের নির্দেশনা ও স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বহাল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে এবং জনসেবা আরও গতিশীল হবে।”
চেয়ারম্যানদের এই প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের ফেরার মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক স্থবিরতা কাটবে।