নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলার প্রিন্সিপাল, শায়খুল হাদিস ও প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আহমদ হোসাইন (পীর সাহেব) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৬টা ৫০ মিনিটে ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের মৃত মাওলানা আব্দুল মান্নানের ছেলে মাওলানা আহমদ হোসাইন দীর্ঘ শিক্ষাজীবন শেষে তারাকান্দার টিলাটিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে সেহলা মাদরাসায় যোগ দিয়ে দীর্ঘকাল শিক্ষকতা, শায়খুল হাদিস ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ বড় মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফয়জুর রহমান (রহ.)-এর কাছ থেকে খেলাফত লাভ করেন। বরেণ্য এই আলেম মৃত্যুকালে ৭ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং চারদলীয় জোটের সময় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা এই মহান আধ্যাত্মিক রাহবারের জানাজার নামাজ আজ শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে সেহলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।