নেত্রকোনার পূর্বধলার জনপ্রিয় ব্র্যান্ড ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’-এর নাম ও লোগো নকল করে নিম্নমানের পণ্য বাজারজাত করার দায়ে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে মূল কারিগররা জেলহাজতে থাকলেও বাজারে এখনো নকল পণ্যের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে।
জানাগেছে, হোগলা ইউনিয়নের ভরাকান্দা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরউদ্দীন ফকির ২০১৬ সাল থেকে বৈধ ট্রেডমার্ক ও লাইসেন্স নিয়ে ‘নূর-৯৫ কস্তুরী জর্দা’ উৎপাদন করে আসছেন। কিন্তু তার এই সফল ব্র্যান্ডের নাম ও মোড়ক হুবহু নকল করে আসছিলেন ময়মনসিংহের তারাকান্দার খাইরুল ইসলাম এবং পূর্বধলার সাইন উদ্দীন ফকির। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ মার্চ ২০২৬ তারিখে আদালত আসামিদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
রায়ের পর পলাতক থাকা অবস্থায় ১৮ মার্চ সাইন উদ্দীন ফকিরকে ধোবাউড়া থেকে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি খাইরুল ইসলাম ৩১ মার্চ আদালতে হাজিরা দিতে গেলে তাকেও আটক করা হয়। বর্তমানে দুই জনই জেলহাজতে রয়েছেন।
আশ্চর্যের বিষয় হলো, মূল হোতারা জেলে থাকলেও তাদের পরিবারের সদস্যরা এখনো একই নামে নকল পণ্য বাজারজাত করছেন বলে অভিযোগ করেছেন ব্র্যান্ডের স্বত্বাধিকারী নুরউদ্দীন ফকির। তিনি বলেন, “আমি সব বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা করছি, অথচ অসাধু চক্রটি হুবহু আমার লোগো ব্যবহার করে ভোক্তাদের ঠকাচ্ছে। এতে আমার ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।” নকল পণ্যের এই বিস্তার রোধে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।