নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিষপান করে মো. মোবাশ্বির (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ২নং হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোবাশ্বির ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির আঙিনায় বিষপান করে সে। পরে তাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সেখানে নেওয়ার পথেই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোবাশ্বিরের মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাশ্বির মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। এরপর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত এবং সে মাঝেমধ্যে অত্যন্ত রাগান্বিত হয়ে উঠত। ধারণা করা হচ্ছে, মাথার সেই আঘাতজনিত মানসিক সমস্যার কারণেই সে এমন চরম পথ বেছে নিয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।