নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলের পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. সজুদুল হক (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে পূর্বধলা-স্টেশন রোডে মোটরসাইকেল ও ইটবোঝাই একটি হেনট্রলির (হ্যান্ডট্রলি) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজুদুল হক উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তাঁর জন্ম তারিখ ২১ আগস্ট ১৯৬৭ অনুযায়ী বর্তমান বয়স প্রায় ৫৮ বছর। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল হোসেন এবং ১২ বছর বয়সী শিশু আনাস গুরুতর আহত হয়েছেন। আহত আনাস নিহত সজুদুল হকের মেয়ের নাতি এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ ৩৯-৫৭৫৩) এবং ইটবোঝাই হ্যান্ডট্রলিটি জব্দ করা হয়েছে। পূর্বধলা থানার পুলিশ সদস্য আমিরুল জানান, “আমরা মরদেহ উদ্ধার করেছি এবং জব্দকৃত যানবাহনগুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”