ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শেষে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গ্যাজেটে সহকারী অধ্যাপক মাছুম মোস্তফাকে এই আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন ফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে এ গেজেট জারি করেন।
নির্বাচিতদের নাম, মা-বাবার নাম ও ঠিকানা গেজেটে প্রকাশিত হয়েছে। এখন নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে।
নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল শিট অনুযায়ী, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা প্রতীক) ৮২,১৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আবু তাহের তালুকদার (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৭৯,৪১২ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. নূরুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩,৩৪১ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার ৮২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১,৬৮,৮৬৮টি, যা মোট ভোটারের ৫৮.২১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১,৬৪,৯৩০ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩,৯৩৮টি।
সংবিধানের অনুচ্ছেদ ১৪৮(২ক) অনুযায়ী, নির্বাচনের ফলের গেজেট প্রকাশের পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নিতে হয়।