আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মুফতী নুরুল ইসলাম হাকিমী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাওলানা আলমগীর হোসেন মিসবাহ, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেত্রকোনা জেলা। মুফতি ওমর ফারুক ওফা, সভাপতি, যুব আন্দোলন, নেত্রকোনা জেলা। হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পূর্বধলা উপজেলা। মুফতী শাফায়েত উল্লাহ হাকিমী, সদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, পূর্বধলা। মাওলানা মাজহারুল ইসলাম, সভাপতি ও হাফেজ মাওলানা সাইফুর রহমান সা’দী, সাধারণ সম্পাদক, যুব আন্দোলন, পূর্বধলা উপজেলা। আরিয়ান আহমেদ ফাহিম, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পূর্বধলা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুফতী নুরুল ইসলাম হাকিমী উপস্থিত সাংবাদিকদের জানান, জনগণের মৌলিক ও ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাঁরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
তিনি বলেন, “ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ, পূর্বধলার সচেতন জনগণ এবার হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ রায় প্রদান করবেন।” তিনি আরও যোগ করেন যে, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তাঁর দলের প্রতিটি কর্মী মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।