সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণার পূর্বধলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ.এস.এম শহিদুল্লাহ ইমরান, এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল।
এছাড়াও, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম.এ. মান্নান এবং যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন,
”বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী। বিগত ১৭ বছর ধরে তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়ে দিনাতিপাত করেছেন। দেশনেত্রীর এই আত্মত্যাগ দলীয় নেতাকর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।”
বক্তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
আলোচনা সভার সমাপ্তিতে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সদর স্টেশন মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষভাবে প্রার্থনা করেন।